বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের সামাজিক মাধ্যম এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বক্তব্যের প্রতিবাদে বিচার দাবি করে পঞ্চগড়ের বোদায় ঝাড়ু মিছিল করেছে বিভিন্ন পেশাজীবী নারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের ধানহাটি থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া উপজেলার ভিমপুকুর এলাকার বাসিন্দা গ্রাম্য স্বাস্থ্য কর্মী আরিফা আক্তার মণি জানান, জামায়াত আমির শফিকুর রহমানের স্ত্রীও শুনেছি ডাক্তারি পেশায় জড়িত। অথচ তিনি কর্মজীবী নারীদের এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একজন নারী হিসেবে এর তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করছি।
বোদা পৌরসভা নগরকুমারি এলাকার গৃহিনী কাজলরেখা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং তাকে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।