উন্নয়নের প্রত্যয়ে ধানের শীষে ভোট চাইলেন আসাদুল হাবিব দুলু

কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সমর্থনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ফুলবাড়ীসহ কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রামের মানুষ বারবার ভোটের মাঠে স্রোতের বিপরীতে গিয়ে ভোট দিয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল ভোটের মাঠে ধর্মীয় আবেগকে পুঁজি করে ‘বেহেশতের টিকিট’ বিক্রির লোভ দেখাচ্ছে এবং নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্যদিকে আরেকটি দল দীর্ঘ ৪৫ বছর ধরে জোটের নামে ক্ষমতা আঁকড়ে থাকলেও কুড়িগ্রামের এই জনপদের তেমন কোনো উন্নয়ন করতে পারেনি।

তিনি এসব দলকে পরিহার করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। একই সঙ্গে কুড়িগ্রাম-২ আসনে উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভা শেষে সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রাম-২ আসনের আওতাধীন রাজারহাটে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দিতে রওনা দেন।