স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে এমন এক মানদ- স্থাপিত হবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। গতকাল সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনের আগে চার দিন নিবিড় টহল পরিচালনা করতে হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোয় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনার কথা বলেন। নির্বাচনে আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জননিরাপত্তা বিঘিœত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করতে হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ এমনভাবে উন্নত করতে হবে, যাতে সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহুদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

কেন্দ্র দখলের চেষ্টা করলে ছাড় নয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।