অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা-প্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ চারপাশের ১শ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
গতকাল সোমবার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ ১শ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বুঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদ-)। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় নির্দেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হবে। ওই অভিযানে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে অভিযান চালানো হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ুপরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।