রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে ট্রান্সপোর্টের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
আহতের সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুর আলমবাগ। রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল ঢাকায় আসে। কিবরিয়া সেই মালামাল আনলোড করে গাড়ি ভাড়া দিয়ে পরে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে ৩ ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে, পরে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন কিবরিয়া।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।