ইউরোপিয়ান দলবদল

বার্সেলোনাতেই থাকতে চান রাশফোর্ড, স্টার্লিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান

ইউরোপীয় ফুটবলে দলবদল বাজারকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন একাধিক তারকা ফুটবলার। ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড থেকে শুরু করে রহিম স্টার্লিং ও করিম বেনজেমা—সবাইকে ঘিরে চলছে নানা গুঞ্জন।

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বর্তমানে ধারে বার্সেলোনায় খেলছেন। ইংলিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, ধারের মেয়াদ শেষ হলেও তিনি ম্যানচেস্টারে ফিরতে চান না। ২৮ বছর বয়সী এই তারকা বার্সেলোনায় স্থায়ী হতে বেতন কমাতেও প্রস্তুত বলে জানা গেছে।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে সাবেক লিভারপুল মিডফিল্ডার জাভি আলোনসোর নাম। ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারেন তিনি।

ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। চেলসি ও ইংল্যান্ডের সাবেক তারকা রহিম স্টার্লিংকে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনে প্রস্তাব দিয়েছিল। তবে সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের দাবি, স্টার্লিং এতে আগ্রহ দেখাননি।

ফরাসি মিডফিল্ডার ম্যাগনেস আক্লিউশকে দলে নেওয়ার চেষ্টা করেও সফল হয়নি টটেনহ্যাম হটস্পার। তবে গ্রীষ্মকালীন দলবদলে আবার চেষ্টা করতে পারে ক্লাবটি। অন্যদিকে সৌদি ফুটবলে গুঞ্জন, ফরাসি তারকা করিম বেনজেমা আল-ইত্তিহাদ ছাড়তে পারেন। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, তিনি আল-হিলালে যোগ দেওয়ার পথে রয়েছেন।