ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রবাসীদের কাস্টিং করা প্রায় ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নিবন্ধিত প্রবাসী ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন ভোটার সফলভাবে ব্যালট পেপার হাতে পেয়েছেন। ব্যালট হাতে পাওয়ার পর ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী ভোটার দ্রুততম সময়ের মধ্যে তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
ভোট দেওয়ার পর প্রবাসীরা তাদের ব্যালটগুলো সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিচ্ছেন। তথ্যমতে, এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ভোটার তাদের ভোট প্রদান করে ডাক বিভাগে জমা দিয়েছেন। এই জমা হওয়া ভোটের মধ্য থেকেই ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং যাচাই-বাছাই শেষে ৬ হাজার ৪২টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যালটের গতিবিধি ট্র্যাকিং করার সুবিধা থাকায় এবার প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ব্যালটগুলোও দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।