গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, সামরিক শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন হয়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুক এর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের মূল লক্ষ্য এখনো একই রয়েছে। তিনি বলেন, 'ট্রাম্পের বার্তা ও উদ্দেশ্য স্পষ্ট-গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে এবং সেভাবেই শাসন করতে হবে।' তিনি আরও যোগ করেন, 'দুঃখজনকভাবে এই অবস্থান এখনো অপরিবর্তিত।'
জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলেছেন। রাশিয়া ও চীনের প্রভাবের আশঙ্কার কথা তুলে ধরে তিনি আগে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন। তবে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি সুর কিছুটা নরম করেন এবং গ্রিনল্যান্ড ও বৃহত্তর আর্কটিক অঞ্চল নিয়ে আলোচনার একটি কাঠামো গড়ে ওঠার কথা জানান।
তবে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড ও এর জনগণ সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। এই ইস্যুতে সৃষ্ট উত্তেজনা নিরসনে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে।