অরিজিতের গ্রামের বাড়িতে আমির খান

সদ্য প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দেওয়া ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। 

জানা গেছে, গত রবিবার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তার মুম্বাই ফিরে গেছেন। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে একনজর দেখতে পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমান স্থানীয়রা। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।