এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সম্প্রতি হাউস ওভারসাইট কমিটি তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার বিষয়ে ভোট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।   

২০১৯ সালে যৌন অপরাধের তদন্তকালীন সময়ে জেলে মৃত্যুবরণ করা জেফ্রি এপস্টেইনে সাথে বিল ক্লিনটনের পরিচয় থাকলেও তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবং দুই দশক আগে এপস্টিনের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করেছিলেন বলে দাবি করেছেন। ক্লিনটন দম্পতি ইতিমধ্যে শপথসাপেক্ষ বিবৃতি দিয়েছেন এবং সীমিত তথ্য প্রদান করেছেন। তাদের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন যে, তারা কমিটির সামনে হাজির হবেন এবং এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন যা সবার জন্য প্রযোজ্য হবে।

রেকর্ড অনুযায়ী, ২০০২–২০০৩ সালে বিল ক্লিনটন এপস্টিনের ব্যক্তিগত জেটে চারবার আন্তর্জাতিক ভ্রমণ করেন । তবে ক্লিনটনরা জানিয়েছেন, এই সাক্ষাৎসমূহ এপস্টিনের অপরাধ প্রকাশের আগে ঘটেছিল এবং তারা কখনো তার অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। হিলারি ক্লিনটনও জানিয়েছেন, তার এপস্টিনের সঙ্গে কোনও উল্লেখযোগ্য যোগাযোগ ছিল না এবং তিনি কখনো তার বিমানে বা দ্বীপে যাননি।

ক্লিনটনরা আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত পরিচালনার জন্য সমালোচনা করেছেন। তবে কোমার জোর দিয়ে বলেছেন, আইনের বাইরে কেউ নেই।

এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে এটি ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো কোনো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি কংগ্রেসের তদন্তে সরাসরি সাক্ষ্য দিচ্ছেন।