বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে দলটির একটি প্রতিনিধি দল এখন বঙ্গভবনে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। সেখানে তারা এ ঘটনার প্রতিবাদ জানানোসহ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে দলটি।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।