স্পেনে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করা হবে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকে শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। তিনি আরও বলেছিলেন, এই পদক্ষেপগুলো ডিজিটাল পরিবেশকে শিশুদের জন্য নিরাপদ করার লক্ষ্যে নেওয়া হচ্ছে।

সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী জোট সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাসূচক বক্তব্য, পর্নোগ্রাফিক কন্টেন্ট এবং ভুয়া তথ্যের ব্যাপকতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে, যা তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করছে।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তব্য রাখার সময় সানচেজ বলেন, 'আমাদের শিশুরা এমন এক পরিবেশে প্রবেশ করছে যা তারা একা মোকাবেলা করার জন্য তৈরি হয়নি… আমরা আর তা গ্রহণ করব না। আমরা তাদের ডিজিটাল ‘ওয়াইল্ড ওয়েস্ট’-থেকে রক্ষা করব।' তিনি অন্যান্য ইউরোপীয় দেশকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

অস্ট্রেলিয়া ডিসেম্বর মাসে প্রথমবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে। একই ধরনের বয়সভিত্তিক নীতি বিবেচনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ অন্যান্য দেশও। সানচেজ জানান, স্পেন 'কোয়ালিশন অব দ্য ডিজিটালি উইলিং'-এর সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে মোট ছয়টি দেশ ক্রস-বর্ডার ডিজিটাল নিয়ন্ত্রণ এবং সমন্বয়মূলক পদক্ষেপ নেবে। তিনি বললেন, জোটের প্রথম বৈঠক আগামী কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

সানচেজ আরও ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে একটি বিল প্রণীত হবে, যা সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকর্তাদের অবৈধ ও ঘৃণাসূচক কন্টেন্ট, অ্যালগরিদমের অপব্যবহার এবং ক্ষতিকর তথ্য প্রচারের জন্য দায়ী করবে। তিনি উল্লেখ করেছেন, বয়স যাচাই ব্যবস্থা কেবল 'চেকবক্স' নয়, তা কার্যকর হতে হবে এবং হেট স্পিচ পর্যবেক্ষণের জন্যও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রসিকিউটররা টিকটক, ইন্সটাগ্রাম এবং ইলন মাস্কের গ্রক-এর সম্ভাব্য আইনি লঙ্ঘনের বিষয়ও খতিয়ে দেখবেন।