হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুপুর ২টা ২০ মিনিটে ওসমান হাদিকে দুষ্কৃতকারীরা গুলি করে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত অবস্থায় ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে মামলায় হত্যার ধারা সংযোজন করা হয়।

এর আগে, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে অভিযুক্ত করে। তবে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ১৫ জানুয়ারি মামলাটি সিআইডির মাধ্যমে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে ও ৬ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।