ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে মেয়েদের পাঁচটি হলে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে ১ হাজার শিক্ষার্থী বিভিন্ন ধরণের টিকা গ্রহণ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দুই হলের আবাসিক ও অনাবাসিক মিলে প্রায় ১০০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে মেয়েদের বাকি হলগুলোতে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।
টিকা সেবা প্রদানের অংশ হিসেবে বিনামূল্যে টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা (যা বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে সাধারণত ২৫০০ থেকে ৪০০০ টাকা) টাইফয়েড টিকা (যার বেসরকারি মূল্য প্রায় ২৫০০ টাকা) প্রদান করা হয়।
টিকাদান কার্যক্রম সম্পর্কে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের এ সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মেয়েদের সকল হলে এ সেবা পৌঁছানো হবে।