নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থীর ৭ জনই বিএনপির

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকা পাওয়া গেছে। শীর্ষ ১০ ধনীর তালিকায় বিএনপির প্রার্থী মোট সাতজন।

ধনী প্রার্থীদের তালিকার শীর্ষে রয়েছেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৬০৭ কোটি টাকা।

আবদুল আউয়াল মিন্টু বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। হলফনামা অনুযায়ী, তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর নিজের নামে থাকা সম্পদের মূল্য ৫০৭ কোটি টাকা। তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে রয়েছে ১০০ কোটি টাকার সম্পদ। তিনিও পেশায় ব্যবসায়ী।

হলফনামায় নিজের ৫ কোটি ১৫ লাখ টাকা দায় থাকার কথাও জানিয়েছেন আবদুল আউয়াল। তবে তাঁর স্ত্রী-সন্তানদের কোনো দায়-দেনা নেই। একক ও যৌথ নামে ২৮০ কোটি টাকা ব্যাংকঋণ থাকার তথ্য রয়েছে তাঁর হলফনামায়।

দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তাঁর স্ত্রী জামিলা নাজনীল মাওলা এবং কন্যা মেহরীন আনহারের নামে থাকা সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা। 

চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তাঁর ও তাঁর স্ত্রী নাজনীন আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৯২ কোটি টাকা। তাঁরা দুজনই পেশায় ব্যবসায়ী। তাঁর হলফনামায় ঋণের কোনো তথ্য নেই।

সপ্তম অবস্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন। তাঁর সম্পদের বর্তমান মূল্য ২৪৯ কোটি টাকা। অষ্টম অবস্থানে রয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তাঁর সম্পদের মূল্য ২০৪ কোটি টাকা।

দশম অবস্থানে আছেন শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পদের বর্তমান মূল্য ১৮৫ কোটি টাকা। তিনিও পেশায় ব্যবসায়ী। দুটি ব্যাংকে ৪১ কোটি টাকার বেশি ঋণ রয়েছে তাঁর।

নির্বাচনে অংশ নেওয়া ২৫৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন রয়েছেন শীর্ষ ১০ ধনীর তালিকায়। পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তিনি পেশায় ব্যবসায়ী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বাগেরহাট-১, ২ ও ৩ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর একার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা। প্রায় সাড়ে তিন কোটি টাকার দায় রয়েছে এম এ এইচ সেলিমের।