নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইউনিয়ন শাখা এনসিপির সাতজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের একটি নির্বাচনী উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠান হয়। এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম ফুলের মালা পরিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বপন মজুমদার ওরফে স্বপন ডাক্তারের বাড়িতে উঠান বৈঠকে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সেখানে তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাতিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এনসিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন জানান, তিনি দীর্ঘ দিন এনপিপির তমরদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য সচিব এর দায়িত্ব পালন করে ছিলেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। আজ থেকে ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলে জানান তিনি।
অন্যদিকে, এনসিপির তমরদ্দি ইউনিয়ন শাখার সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, এই কমিটিটি অকার্যকর ছিল। অনেক দিন পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ছিল। তারা কোন দলে যোগদান করেছে কি না আমার জানা নেই।