বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। অভিযান চলাকালে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এই ডিভাইসগুলো থেকে হ্যাকিং সংক্রান্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিটি আটক হওয়ায় তিনি এখন ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজ করতে সাবধান হবে। দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান এবং আইনের সঠিক প্রয়োগ দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানান।
উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করে আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এরপরই বিষয়টি তদন্তে নামে পুলিশ।