মার্কিন জাহাজকে ধাওয়া করল ইরান

হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।

সংস্থাটির তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের জাহাজটির পথরোধ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সশস্ত্র সদস্যদের বহনকারী তিন জোড়া ছোট বোট।

ভ্যানগার্ড টেক জানায়, ইরানি বোটগুলো রেডিও বার্তায় জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন ওই নির্দেশ উপেক্ষা করে দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যান। সংস্থাটি আরও জানায়, জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস দাবি করেছে, একটি নামহীন জাহাজ অবৈধভাবে ইরানি জলসীমায় প্রবেশ করেছিল। অনুমতিপত্র দেখতে চাইলে জাহাজটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।