আকিজবশির কেবলসের ৩২টি বিক্রয়কেন্দ্র একই দিনে উদ্বোধন

দেশব্যাপী একই দিনে ৩২টি নতুন বিক্রয়কেন্দ্র (সেলস সেন্টার) উদ্বোধন করেছে আকিজবশির কেবলস। রবিবার (১ ফেব্রুয়ারি) অনলাইন মাধ্যমে এই বিক্রয়কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক (মানবসম্পদ) দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ জাহিদ হোসেন, হেড অব বিজনেস (কেবলস) মোহাম্মদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, পরিবেশক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে খোরশেদ আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবলস সরবরাহ নিশ্চিত করতে পারব।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতাই সম্প্রতি চালু হয় আকিজবশির কেবলসের উৎপাদন ও বাজারজাতকরণ।

আকিজবশির কেবলস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবল উৎপাদন করছে। একই দিনে ৩২টি বিক্রয়কেন্দ্র চালুর ফলে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।