রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাফিজুল ইসলাম বিনোদপুর এলাকার জসিম উদ্দিন বুলুর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে শহরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক নিশ্চিত করেছেন।