বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে ‘কর্মজীবী সচেতন নারীদের ব্যানারে মহিলারা সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঝাড়ু মিছিলটি শুরু করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। “চাইতে গেলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা”, “চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা” সহ নানা প্রতিবাদী স্লোগান দেন নারীরা। এ সময় তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।
এ বিষয়ে মিছিলে অংশ নেওয়া নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। তারা বলেন, এতে নারীদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এর জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়ারও দাবি জানান তারা।
এ কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নারী বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। তাই প্রতিবাদ জানাতে তারা এ ঝাড়ু মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন।