জেলা শহর ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরে বিভাগ গঠন করলে যদি জনগণের উপকার হয় ও উন্নয়ন ত্বরান্বিত হয়, তাহলে ফরিদপুরকে বিভাগ করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ, সেই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজে বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে।
নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্রিজ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমানের সফরকে ঘিরে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।