ভোলা-১ আসনে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, দুনিয়াতে আমরা বেশি দিন থাকব না। মাত্র ৬০ থেকে ৭০ বছর থাকব। আল্লাহর কাছ থেকে এসে আবার চলে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করবে দুনিয়াতে তুমি কোন আইনে চলাফেরা করেছ। তখন আল্লাহর কাছে জবাব দিতে হবে কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করেছি। এই কথা সত্যি হতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে চলাফেরা করার সুযোগ নেই। সেই জন্য কোরআনের আইন, ইসলামের আইন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।
আজ বুধবার বিকালে ভোলা সরকারি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
নায়েবে আমির আরও বলেন, আমরা আগেই বলেছিলাম লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় নির্বাচন সুষ্ঠু হবে না। বর্তমানে যা হচ্ছে এতে মোটেও লেভেল প্লেয়িং ফিল্ড নয়। বর্তমানে প্রশাসনে যারা আছেন তাদের বলছি, অতি দ্রুত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেন। যদি না করেন, তাহলে ধরে নেওয়া হবে কিছু দিন আগে যে ফ্যাসিস্ট সরকার এখান থেকে পালিয়েছে একই কায়দায় দেশে নির্বাচন করে আবার ওই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, যে দল দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করবে তাদের আপনারা ভোট দেবেন। যারা আখেরাতের কোনও কল্যাণ করতে চায় না, করে নাই এবং যারা আখেরাত সম্পর্কে বেখেয়াল এই দলগুলোকে আপনারা ভোট দেবেন না।
পরে তিনি ভোলার লালমোহন ভোলা-৩ আসনের ১১ দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. নিজামুল হক নাঈমের নির্বাচনী জনসভা ও ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন।
ভোলা-১ আসনের জনসভায় তিনি বলেন, মানুষ কিন্তু অটোমেটিক আল্লাহর আইনের প্রতি, দাঁড়িপাল্লার প্রতি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আল্লাহ রসুল যেভাবে ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন, সেভাবে আমাদেরকে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম।