দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের ২(দুই)টি নৌ-কার্গো বীমা দাবি পরিশোধ করেছেন। উক্ত দাবিটি ছিল গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের বীমা দাবির বিপরীতে দুইটি নৌ-কার্গো বীমার ক্ষতিপূরনের দাবি। যার পরিমাণ ছিল ১৬ লাখ ৩৪ হাজার ২৭৬ টাকা। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দাবি উত্থাপনের সাথে সাথে তা পরিশোধের যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই দাবিটি পরিশোধ করা হয়।
গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারী-ডিসেম্বর, ২০২৫ সালে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে।
পরিশোধিত দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নি বীমা, মোটর বীমা, মেরিন বীমা ও অন্যান্য নন-লাইফ বীমা দাবি। সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
১ ফেব্রুয়ারি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম ২টি নৌ-কার্গো বীমা দাবির চেক ম্যাক্স গ্রুপের মোঃ মাহমুদ হুসেইন, ডিজিএম, কর্পোরেট ফিন্যান্স এর হাতে তুলে দেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মোঃ জিয়াউল হক, বিভাগীয় প্রধান দাবি ও পুনঃবীমা বিভাগ এবং ম্যাক্স গ্রুপের পক্ষে মুখ্য অর্থায়ন কর্মকতা মোঃ শহিদুল ইসলাম খান, খালেদ বিন হোসেন, ডিজিএম, টেকনিক্যাল, এবং ইঞ্জি: রাহাদ আহমেদ রুমান, সহ-ব্যবস্থাপক প্রমুখ।