নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে: আমির হামজা

১২ই ফেব্রুয়ারির নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়, বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন এই রকমই হতে যাচ্ছে। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহবান জানাই।’

তিনি আরও বলেন, ‘ এখন আমরা ১০০ ভাগ বিশ্বাসী যে কুষ্টিয়া সদরে এই তিন নম্বর আসন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।’

আমির হামজা বলেন, ‘বাংলাদেশে প্রায় ৪ কোটি তরুণ আছেন। এখানে ৩৭.৪ শতাংশ মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা এবার বাংলাদেশের ক্ষমতায় যাক। ধানের শীষের নাম পেয়েছি এখানে ২৭ পারসেন্ট, এনসিপি যারা আছে তাদের পারসেন্টেন্স এখানে দেওয়া আছে ১৭ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ১১ দলে ভেতর একটি দল। সেই হিসাবে এখনও ৯ দল বাদও দেওয়া যায়। শুধু দুইটা দলের যুবকদের যে আগ্রহ, আকাঙ্ক্ষা, তাদের যে ভোট পারসেন্টে হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫৫% ভোট। সুতরাং এগুলো দেখলে আমরা আশ্বাস দিতে পারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।’

জামায়াতের এই প্রার্থী বলেন বলেন, ‘দিলারা চৌধুরী রাষ্ট্র বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মহিলা আট মাস আগে একটা কথা বলেছিল; বিএনপি যদি ক্ষমতায় আসে মাত্র ২ বছর টিকে থাকতে পারবে এরপর তাদেরকে বাংলার জনগণ বিদায় করে দিবে। হাসিনার চাইতেও কঠিন পরিস্থিতি ফেলবে। এই মানুষগুলো আন্দাজে আউল ফাউল কথা বলে না, চিন্তাভাবনা করেই বলেছেন।’

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘এই বাংলাদেশে সবার জান-মাল কিন্তু আল্লাহ কিনবে না। যারা মমিন আমরা দাবি করছি, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি এবং এই মানবতাকে বাঁচাতে চায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামীন জাল মাল কিনে জান্নাত দিবে। বাকি যার আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না কিন্তু মানবতা বাঁচাতে চাই। এদেরকে আল্লাহ দুনিয়াতেই শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে তাদের পাওনা মিটিয়ে দিবে। আমরা যারা সময় দিয়েছি, সম্পদ দিয়েছে জীবন সামনে যদি দেওয়া লাগে তাও দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি কবুল করে তার বানানো জান্নাত আমাদের দান করবে।’

এ সময় মহিলা সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।