ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘœভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অঞ্চলে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে হবে। ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোট সাত দিন মাঠে থাকবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন। এবার নিরাপত্তায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চসংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।