মাদারীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা কারবারী ও চোর চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৫০০ ইয়াবা, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প এই অভিযানে পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন সারজিল।
আটকরা হলেন মাদারীপুর সদরের আমিরাবাদের মো. দীপু বেপারী , পূর্ব রাস্তির গ্রামের মো. সাগর খান, লক্ষ্মীগঞ্জ গ্রামের মো. ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের মো. রানা খান।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুইটি বাইনোকুলার, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, দুইটি করে হাতুড়ি, চাপাতি, একটি করে মেটাল ডিটেক্টর, ক্যানন ক্যামেরা, কুড়াল, টেলিফোন সেট, হাত দা ও সিসি ক্যামেরা, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, পাঁচটি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১৪টি ইয়ারফোন ও ৪টি সাউন্ড বক্স।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করা এবং পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোই পারে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে।