দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে দলটি।
বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে ইকোরিয়ায়, জামায়াতের প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহীনুর ইসলাম বলেন, কামালের ওপর হামলার ঘটনাটি নিন্দনীয় ও দুঃখজনক। তবে এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, প্রকৃত দোষীদের আড়াল করতে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি আহত কামালের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে শাহীনুর ইসলাম প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় যুবদল নেতা আরিফুজ্জামান কামালের ওপর হামলার ঘটনা ঘটে।