কুমিল্লার দাউদকান্দিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলাকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ষোলপাড়ায় ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাউদকান্দি উপজেলা জামায়াত মহিলা শাখার নেত্রীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা শূরা সদস্য বিলকিস আক্তার বলেন, অতীতে যেমন আমরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নানাভাবে লাঞ্চিত, বঞ্চিত, অপমানিত হয়ে কোথাও বিচার চাইতে পারিনি। আজও বিএনপির কতিপয় সন্ত্রাসীদের কারণে আমাদের নারী সমাজের এদেশে স্বাভাবিক জীবনযাপন করা, কথাবলা, নির্বিঘ্নে পথচলা, মৌলিক অধিকারসমূহ ভোগ করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তাদের অত্যাচারে আমরা সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, দেশ গঠনে আমরা সকল স্তরের নারীদের ভূমিকা রাখার আহ্বান জানাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ বিএনপির নিকট তা গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। নারীদের মত প্রকাশ অধিকার অর্জনে তারা প্রতিবন্ধকতা তৈরি করে শান্ত পরিবেশকে অস্থির করছে। গত ৩/৪ দিন যাবৎ বিটিশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে, গতকাল হান্নান গৌরীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে, এর আগে পদুয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়তে ইসলামী সেক্রেটারি আব্দুস সাত্তারের দোকানে গিয়ে মারধর করে, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রামে, পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলায় মহিলা কর্মীদের হেনস্তা করেছে বিএনপির লোকজন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি ফাতেমা জাহান, পৌরসভা মহিলা জামায়াতের সেক্রেটারি শিরীন হক, সাবেক সেক্রেটারি হাসিনা মমতাজ লাকি, সেক্রেটারি খোরশেদা আক্তারসহ জেলা উপজেলার কর্মপরিষদ ও শূরা সদস্যরা।