দখলদারদের দৌরাত্মে কর্ণফুলি একদিন মরা নদীতে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেছেন, কর্ণফুলি রক্ষায় দখলদারদের প্রতিহত করতে হবে।
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘কালের ধ্রুবতারা অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ’ শীর্ষক ডকুমেন্টারি ফিল্ম এর প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনজিল মোরসেদ। জনস্বার্থে দায়েরকৃত সাড়ে তিনশত মামলার ঘটনা প্রবাহ এবং তার জীবনী নিয়ে এই ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে ‘নাগরদোলা ফিল্মস।’ এইচআরপিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনজিল মোরসেদ বলেন, ‘গত ১৬ বছর ধরে কর্ণফুলী রক্ষায় আমরা সাতটা মামলা জিতেছি। কিন্তু দখলকারীরা বারবার মামলা করায় কর্ণফুলী নদী ভরাট হয়ে যাচ্ছে এবং দখলকারীর সংখ্যা বেড়েই চলেছে। চট্টগ্রামবাসী একত্রিত হয়ে এই দখলদারদের প্রতিহত না করলে একদিন কর্ণফুলী মরা নদী পরিণত হবে।’ বাংলাদেশ পরিবেশ ফোরাম সভাপতি প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন ডকুমেন্টারি নির্মাতা আলীউর রহমান। তিনি বলেন, একজন মনজিল মোরসেদ নিজ অর্থায়নে দেশের জন্য জনস্বার্থে মামলা করে যে মাইলস্টোন স্থাপন করেছে সেটা চিরস্থায়ী থাকবে অন্যান্য আইনজীবীদের তার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।
প্রিমিয়ার শো’র উদ্বোধক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার কারণে চট্টগ্রামের পরিবেশ কর্ণফুলী দখল বেড়ে চলেছে এবং প্রাকৃতিকভাবে সৃষ্টি একটা নান্দনিক নগরকে বায়ু দূষণের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না।
অনুষ্ঠানের প্রধান বক্তা একুশে প্রদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আবুল মোমেন বলেন, প্রশাসনিক দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের কারণেই সমাজে খারাপ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ নিজের অবস্থান থেকে যেভাবে দেশের জন্য কাজ করে চলেছেন আমাদের তার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, চ্যানেল আই’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সহসভাপতি ইঞ্জিনিয়ার মীর্জা মোহাম্মদ ঈসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের অধ্যাপক সুবীর মহাজন, মানবাধিকার কর্মী তাপস হোড়, মিঠুল দাশগুপ্ত, মুশফিকা মোস্তফা, প্রীতিলতা ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সহসভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমাল দয়াল প্রমুখ