বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, মাত্র একবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন মানুষের চোখে পড়ার মতো হবে। বিএনপি সরকার গঠন করলে চা শ্রমিকদের অধিকার ও কল্যাণে দলটি সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা হবে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলের পুরানবাজারে বিএনপির মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও জীবনমান উন্নয়নে বিএনপি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা হবে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। যৌথভাবে সভা সঞ্চালনা করেন কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ অন্যান্য নেতৃবৃন্দ।