ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সরকারি চাকরি করেও প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া তাদের কারণ দর্শান।
তারা হলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ ও নেপাল চন্দ্র দাস, স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকারি চাকরি করে এই ছয়জন বিএনপির পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করছেন বলে জামায়াতের নেতা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা শিবলী নোমানী সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তারা সকলে একটি রাজনৈতিক দলের হয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।