রত্নগর্ভা শিক্ষাবিদ মেহেরুননেসা চৌধুরীর জীবনাবসান

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা রত্নগর্ভা শিক্ষাবিদ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মেহেরুননেসা চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি জন্ম গ্রহণ করেন ১৬ মার্চ ১৯৩২।

শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন মেহেরুননেসা চৌধুরী। কর্মজীবনের শুরুতে ১৯৬২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি বরিশাল মহিলা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কলেজটির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি রেডিও পাকিস্তান ঢাকায় রেডিও প্রোডিউসার হিসেবে কাজ করেন।

১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হাউস টিউটর হিসেবে যোগ দিয়ে তিনি ১৯৭১ সাল পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে এক বছর রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৭৫ সাল পর্যন্ত শামসুন্নাহার হলের প্রভোস্ট ছিলেন।
পরবর্তীতে ১৯৭৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্টুডেন্ট কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন।

অবসর গ্রহণের পরও শিক্ষাক্ষেত্রে তাঁর সক্রিয়তা থেমে থাকেনি। তিনি লালমাটিয়া কলেজের চেয়ারপারসন ও বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

ব্যক্তিজীবনে মেহেরুননেসা চৌধুরী প্রখ্যাত রাজনীতিবিদ আমিনুল হক চৌধুরীর সহধর্মিণী। তিনি দুই সন্তানের জননী-ফুয়াদ চৌধুরী ও ফয়সাল চৌধুরী। শিক্ষা, প্রশাসন ও সমাজে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।