ধূমকেতুর আড়ালে থাকা জাতীয় দলকে জেতালেন লিটন–রিশাদ

মিরপুরে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচেই সহজ জয় পেয়েছে ধূমকেতু একাদশ। দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারানোর ম্যাচে ব্যাট–বলে মূল ভূমিকা রাখেন অধিনায়ক লিটন দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় দুরন্ত একাদশ। বড় ইনিংস গড়তে ব্যর্থ হন তাদের বেশির ভাগ ব্যাটসম্যান। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২১ রানে তুলে নেন ৩ উইকেট। তাঁর ঘূর্ণিতেই ভেঙে পড়ে দুরন্তর মিডল অর্ডার। মাহফিজুল ৩৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় দুরন্ত একাদশ।

এই ম্যাচে বাংলাদেশের ঘরোয়া টি–টোয়েন্টিতে প্রথমবার ‘সুপার সাব’ ব্যবস্থার ব্যবহারও দেখা গেছে। দুরন্ত একাদশের হয়ে জাওয়াদ আবরার ব্যাটিংয়ে নামেন বিকল্প খেলোয়াড় হিসেবে।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধূমকেতু একাদশ শুরুতে একটি উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয়। সাইফ হাসান ও লিটন দাস গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। সাইফ আউট হলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক লিটন। তিনি খেলেন ৪৩ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। হাতে থাকে ২৩ বল, জিততে কোনো বাড়তি চাপই নিতে হয়নি ধূমকেতুকে।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই এগিয়ে থাকা ধূমকেতু একাদশ ম্যাচে পুরো সময় আধিপত্য বজায় রাখে। ম্যাচসেরার পুরস্কার ওঠে লিটন দাসের হাতে।

আগামী ম্যাচে ধূমকেতু একাদশ মুখোমুখি হবে নাজমুল হোসেনের দুর্বার একাদশের।

সংক্ষিপ্ত স্কোর
দুরন্ত একাদশ: ১৯.৫ ওভারে ১৪৩
ধূমকেতু একাদশ: ১৬.১ ওভারে ১৪৬/৪
ফল: ধূমকেতু একাদশ ৬ উইকেটে জয়ী।