ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন মনজুলা মোরশেদ

ব্র্যাক ব্যাংক সম্প্রতি মনজুলা মোরশেদকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মনজুলা মোরশেদের নিয়োগ চলতি মাস ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ব্র্যাক ব্যাংক মনে করে, তার মতো একজন অভিজ্ঞ এইচআর প্রফেশনালের এই নিয়োগ ব্যাংকটির ‘পিপল-ফার্স্ট’ এজেন্ডার প্রতিফলন। এর মাধ্যমে ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও সমৃদ্ধ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষভাবে পরিচিত।

নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তার সক্ষমতা ব্র্যাক ব্যাংককে একটি নির্দিষ্ট লক্ষ্যমুখী ও উচ্চ-কর্মক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিং-এ লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সিনিয়র লিডারশিপ পর্যায়েও দায়িত্ব পালন করেন।