আর্থিক অনিয়মে হামজার ক্লাবের বড় শাস্তি : ৬ পয়েন্ট কর্তন!

বাংলাদেশি ফুটবল তারকা হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি বড় শাস্তির মুখে পড়েছে। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। শাস্তি কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলের ১৭তম স্থান থেকে দলটির অবস্থান এখন ২০তম স্থানে।

বর্তমানে গোল ব্যবধানের কারণে অবনমন অঞ্চলের বাইরে রয়েছে লেস্টার। ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরে লাভ ও টেকসই ব্যয়ের (পিএসআর) নিয়ম ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে লেস্টার সিটির বিরুদ্ধে অভিযোগ আনে প্রিমিয়ার লিগ। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া দলটি বর্তমানে স্থায়ী কোচ ছাড়াই খেলছে। গত জানুয়ারিতে কোচ মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করা হয়।

লেস্টার সিটি এক বিবৃতিতে শাস্তির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে একে ‘অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, কমিশনের সিদ্ধান্ত তারা পর্যালোচনা করছে এবং পরবর্তী করণীয় বিবেচনা করছে। 

পিএসআর অনুযায়ী, প্রিমিয়ার লিগের কোনো ক্লাব তিন বছরে সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি করতে পারে না। তবে কোনো ক্লাব যদি প্রিমিয়ার লিগের বাইরে থাকে, তাহলে প্রতি মৌসুমে এই সীমা ২২ মিলিয়ন পাউন্ড করে কমে যায়। লেস্টারের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া সময়ে ক্লাবটির ক্ষতি ছিল ১৯.৪ মিলিয়ন পাউন্ড। এর আগের মৌসুমে ক্ষতি ছিল ৮৯.৭ মিলিয়ন পাউন্ড এবং ২০২২ সাল পর্যন্ত ১২ মাসে ক্ষতির পরিমাণ দাঁড়ায় রেকর্ড ৯২.৫ মিলিয়ন পাউন্ডে।

ইএফএলের তদন্তে দেখা যায়, নির্ধারিত ৩৬ মাসের সময়সীমায় লেস্টার সিটির ব্যয় সীমা ছাড়িয়ে গেছে ২০.৮ মিলিয়ন পাউন্ড। সর্বোচ্চ ১২ পয়েন্ট কাটা যাওয়ার সুযোগ থাকলেও ক্লাবটির আর্থিক অবস্থার উন্নতির কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ৬ পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মৌসুমে লেস্টার সিটি শেষ চার ম্যাচে জয় পায়নি, যার মধ্যে তিনটিতে পরাজয় রয়েছে। শনিবার বার্মিংহাম সিটির বিপক্ষে মাঠে নামবে দলটি।