ভোটের আগে সারা দেশে যৌথ বাহিনীর মহড়া-টহল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্যারেড, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনায় মোতায়েন নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শন করেন। তিনি নৌসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নৌবাহিনী প্রস্তুত থাকায় নির্বাচনী দায়িত্ব সফলভাবে পালনে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর মহড়া হয়েছে। এতে ভোটকেন্দ্রের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার কৌশল প্রদর্শন করা হয়। এবার সেনাবাহিনী ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি ও অভিযান পরিচালনা করবে।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিজিবি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার রোধে অতিরিক্ত সতর্কতা জারি করেছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন তল্লাশি ও সন্দেহজনক ব্যক্তি খতিয়ে দেখার পাশাপাশি ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সমাবেশে জেলার আট আসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দিকনির্দেশনা দেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মোতায়েন আনসার সদস্যদের হাজিরা প্যারেডে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, ভোটের দিন ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সক্রিয় থাকবে। জেলার ছয় আসনের ৮৭৫টি কেন্দ্রে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য মোতায়েন করা হয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে লক্ষ্যে যৌথ বাহিনী টহল কার্যক্রম পরিচালনা করছে।