ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

ইসলামাবাদের তারলাই এলাকায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে একটি ইমামবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডনকে দেয়া এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। 

বিস্ফোরণের পরপরই পুলিশ ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত নয়। এটি আত্মঘাতী হামলা নাকি পেতে রাখা বোমা ছিল—তা নির্ধারণে ফরেনসিক দল তদন্ত করছে।

ঘটনার পর রাজধানীর প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস), পলিক্লিনিক ও সিডিএ হাসপাতালে জরুরি বিভাগসহ অর্থোপেডিক, বার্ন ও নিউরোলজি বিভাগ চালু করা হয়েছে। আহতদের এসব হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

উল্লেখ্য, হামলাটি পাকিস্তান সফররত উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের দুই দিনের সরকারি সফরের মধ্যেই ঘটে।

সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানান। তিনি একে “কাপুরুষোচিত কাজ” উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান।

এর আগে গত বছরের নভেম্বর মাসে ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছিলেন। বর্তমান হামলাটি সেই ঘটনার তিন মাসেরও কম সময়ের মধ্যে সংঘটিত হলো।