কুখ্যাত চোর জাহাঙ্গীর আলম (৪৯)। রয়েছে তার একটি চোরচক্র বাহিনী। তিনি এই বাহিনীর প্রধান। চুরি বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার একটি সুযোগ দিয়েছিল পুলিশ। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে চোরের এই প্রধান। তিনি নীলফামারীর জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। জাহাঙ্গীর আলম জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড়েরহাট এলাকার মৃত খিরিজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। তার অধীনে একটি চুরির চক্র গড়ে উঠে। পরে ওসি নাজমুল আলম যোগদান করার পরে অপরাধ নির্মূলে কাজ শুরু করেন। এতে চুরির ঘটনায় জাহাঙ্গীর আলমের বাড়িতে একাধিকবার অভিযান চালায় থানা পুলিশ। পরে ওসি এলাকার কুখ্যাত চোর জাহাঙ্গীরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানায়। তিনি সেটিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানায় এসে আর কখনো চুরিসহ কোনও অপরাধ করবে না মর্মে মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এসময়ে ওসি নাজমুল আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দেশ রূপান্তরকে বলেন, জলঢাকা থানাকে অপরাধ নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা করছি। যারা অপরাধী তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম নামে এক কুখ্যাত চোর মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।