নারায়ণগঞ্জে নিখোঁজের ৯দিন পরে তালাবদ্ধ পার্লার থেকে মালিক কামরুন নাহার ইতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য ইতিকে প্রায়ই নির্যাতন করতো। গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। কিন্তু এ বিষয়ে তার স্বামীকে বারবার তাগিদ দেওয়া হলেও সে নির্বিকার ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ও নিহতের স্বজনরা পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির মরদেহ দেখতে পায়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।