৪৪তম বিসিএসের গ্যাজেট প্রকাশ, যোগদান ভোটের আগেই

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।

গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। রিপিট ক্যাডার বাদ দিয়ে ওই সম্পূরক ফল প্রকাশ করা হয়। এ নিয়ে তিনবার প্রকাশ করা হয় ৪৪তম বিসিএসের ফলাফল।

প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।  

গেজেট দেখুন এখানে