সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা এলাকায় ভূঁইয়াগাতি-নিমগাছি সড়কে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দিন (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রায়গঞ্জ থানার ওসি জানান।