৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে। এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান ও বিআরটিসি পক্ষে চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগর সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ৩টি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের কর্মকর্তা ও বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা তথা দেশের উন্নয়ন অগ্রগতিকে আরও বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। এর উদ্দেশ্য হলো সড়কে দুর্ঘটনাজনিত হতাহত ও গুরুতর আঘাতের সংখ্যা কমানো এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করা। এই কার্যক্রম সারা দেশে বিদ্যমান বিআরটিসির ২৭টি ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ফলে এতে শুধু দক্ষ চালকই তৈরি হবে না, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে অবদান রাখবে।