মাত্র ০.০১ সেকেন্ডের জন্য এশিয়ান ইনডোরে ফাইনাল হাতছাড়া ইমরানুরের ‎

‎এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সেমিফাইনালে মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে ফাইনাল থেকে ছিটকে যান তিনি।

‎শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে তিনটি হিটে প্রতিদ্বন্দ্বিতা হয়। নিয়ম অনুযায়ী প্রতিটি হিটের প্রথম দুইজন এবং তিন হিট মিলিয়ে সেরা দুইজন সময়ধারী অ্যাথলেট ফাইনালের টিকিট পান। ইমরানুর ৬.৭৫ সেকেন্ড টাইমিং করে সামগ্রিকভাবে নবম স্থানে থাকেন।

‎এর আগে প্রাথমিক রাউন্ডে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে তিনি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে সেমিফাইনালে সেই গতি ধরে রাখতে পারেননি। নিজের হিটে তৃতীয় হয়ে পড়ায় অন্য দুই হিটের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হয় তাকে।

শেষ পর্যন্ত অন্য হিটগুলোর অ্যাথলেটদের সময় আরও ভালো হওয়ায় ইমরানুরের জন্য ফাইনালের দরজা বন্ধ হয়ে যায়। তাঁর হিটে দ্বিতীয় হওয়া স্বাগতিক চীনের জিন জিয়ান ৬.৭৪ সেকেন্ড সময় নিয়ে অষ্টম হিসেবে ফাইনালে জায়গা করে নেন।

‎আন্তর্জাতিক ইনডোর অ্যাথলেটিকসে ইমরানুরের স্মরণীয় সাফল্য রয়েছে। ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। সে আসরে প্রথম রাউন্ড থেকে ফাইনাল—প্রতিটি ধাপে নিজের টাইমিং উন্নত করেছিলেন তিনি। পরের বছর তেহরানে ফাইনালে দৌড়ালেও পদকের দেখা পাননি।

‎প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে থাকার পর এবার ভালো কিছুর আশায় নামলেও কাঙ্ক্ষিত ফল পাননি ইমরানুর রহমান। চীন থেকে ফেডারেশনকে দেওয়া এক বার্তায় ইমরান বলেন, ‘দুভার্গ্যজনকভাবে আমি পারলাম না, এজন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। আমি আশাবাদী ছিলাম এখানে ভালো কিছু করার, চেষ্টাও করেছি। আশা করি, সামনে ভালো কিছু করব, সবার সমর্থন চাই।’