জামায়াত আমির

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আমন্ত্রণ জানান।

ডা. শফিকুর রহমান তার বার্তায় বলেন, প্রিয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো ফলাফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।

জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো-রাজনীতি ভদ্র, সহনশীল ও সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসমালোচনার মুখোমুখি হয়ে দাঁড়াই এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থার জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার প্রতি উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।

জামায়াত আমির বলেন, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি-যেখানে আমরা দু’জনই জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করি- যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ।