জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘প্রকৃতি এবং পরিবেশ : ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। প্রতিযোগিতায় ১৫০০টি ছবির মধ্য থেকে সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়। জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ ২৪), হাবিবুর রহমান (ডেইলি স্টার), মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড), মামুনুর রশীদ (দৈনিক সমকাল), মেহেদী হাসান (আজকের পত্রিকা), শেখ নাসির (ডেইলি স্টার)। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, ‘প্রদর্শিত ছবিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কেমন পরিবেশে বসবাস করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর সদস্য সচিব শরীফ জামিল, ড. শওকত আরা বেগম এবং বাবুল তালুকদার।
দুদিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে চলবে।