আজ সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজা প্রেসক্লাবে 

জাতীয় প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে জানাজার পর বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সাংবাদিক জাকারিয়া কাজলের ছোটো ভাই মোহাম্মদ সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, ইনকিলাব, অবজারভার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সর্বশেষ যমুনা টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন।

এদিকে জাকারিয়া কাজলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।