শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের দমনমূলক বর্বরোচিত হামলায় নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়াবহ দৃষ্টান্ত।
তিনি বলেন, শহীদ হাদির রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি। জনগণের দাবি ছিল- হত্যার বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অথচ ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে যারা বিচারের দাবিতে রাজপথে নেমেছে, তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের পুলিশি আচরণ জনগণের ক্ষোভ আরও বাড়াবে এবং পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দেবে।
মাওলানা মামুনুল হক আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই- বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদী দমননীতির দিকে ফিরে যাবে না। অতীতের দুঃশাসনের পুলিশি মানসিকতা পরিত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন দমন নয়, ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান কর্তব্য।
তিনি অবিলম্বে আহত নেতাকর্মীর উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এই হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।