দুমকি-চরগরবদি আরএন্ডএইচ সড়কের মেরামত শুরু

দৈনিক দেশ রূপান্তরে ‘দুমকি-চরগরবদি সড়কে অসংখ্য গর্ত, যান চলাচলে দুর্ভোগ’ এই শিরোনামে সংবাদ প্রকাশের ১৫ দিনের মধ্যে দুমকি উপজেলার লেবুখালী পাগলা থেকে চরগরবদি ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ আরএন্ডএইচ সড়কের মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া কাজে দুই দিনের মধ্যে প্রায় ৫০ শতাংশ খানাখন্দ ভরাট সম্পন্ন হয়েছে। বাকি কাজ সোমবারের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সওজের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, ভাঙাচোরা অংশ ও গর্ত দ্রুত মেরামত করে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে কাজ চলছে। কাজ শেষ হলে যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমে যাবে। 

মেরামত কাজ শুরু হওয়ায় চালক, যাত্রী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুতই সড়কটি পুরোপুরি যান চলাচলের উপযোগী করা হবে।