ফরিদপুরের শহরতলীর কানাইপুর আখ সেন্টারের পুকুর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানে এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে সেটি খালি করা হয়। এরপর যৌথ বাহিনীর অভিযানে পুকুরের ভেতর থেকে আগে থেকেই পানির মধ্যে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান যৌথ বাহিনীর কর্মকর্তারা। অস্ত্র উদ্ধারের সময় পুকুরপাড়ে এবং আশপাশে মহাসড়কে বিপুল পরিমাণ জনসমাগম ঘটে। এ সময় যৌথবাহিনী পুরা পুকুরটি ঘিরে রাখে।